বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বোচ্চ পদে নতুন নেতৃত্ব আসার গুঞ্জনের মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কোটায় তাঁকে বিসিবির পরবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট পদে দেখতে চায় সরকারপক্ষ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সরকার এবং জাতীয় ক্রীড়া পরিষদ চায়, আমিনুল ইসলাম বুলবুল এনএসসির কোটায় বিসিবি নির্বাচনে প্রেসিডেন্ট পদে অংশ নিন। এমনকি তাঁকে প্রস্তাবও দেয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ দায়িত্বের জন্য।
আমিনুল ইসলাম বুলবুল শুধুমাত্র দেশের ক্রিকেটেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে প্রমাণ করেছেন। চীন, মালয়েশিয়া, এমনকি যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও ক্রিকেটের আলো ছড়িয়েছেন তিনি। বর্তমানে তিনি আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছেন এবং ২০টিরও বেশি দেশের ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখছেন।
তিন মাস আগে দুবাইতে এক সাক্ষাৎকারে বুলবুল জানিয়েছিলেন, “দুটো রোল আছে। একটা হচ্ছে চাকরির রোল, একটা হচ্ছে অনারের রোল। দুটোর একটাও কখনো ওইভাবে সুযোগ হয়নি।” তিনি আরো বলেছিলেন, “আমি আশা করেছিলাম, এই যে একটা বড় চেঞ্জ আসলো বাংলাদেশে, একটা সংস্কার আসলো, এই সংস্কারের মাধ্যমে হয়তো একটা নতুন কিছু দেখতে পাবো। ইনফ্যাক্ট, কিছুই দেখতে পাচ্ছি নতুন।”
বুলবুল যদিও সরাসরি এখনো রাজি হননি, তবে তার ইতিবাচক মনোভাব অনেক কিছুই ইঙ্গিত করছে। তিনি আগেই জানিয়েছিলেন, দেশের ক্রিকেটের উন্নয়নে সুযোগ এলে সেটা “ফ্রি ফর ফ্রি” করতেও প্রস্তুত।
আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করার অভিজ্ঞতা, বিভিন্ন দেশের হাই পারফরম্যান্স প্রোগ্রাম এবং ট্রেনিং সিস্টেম চালানো, সব মিলিয়ে আমিনুল ইসলাম বুলবুলের অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটের জন্য হতে পারে অমূল্য সম্পদ। তিনি নিজেই বলেছিলেন, “বাংলাদেশ গোল্ড মাইন্ড ফর ক্রিকেট এবং আমরা আমার সময় নষ্ট করছি।”
সূত্র অনুযায়ী, এই মাসের শেষ দিকে আলোচনার মাধ্যমে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বুলবুল। দেশের ক্রিকেটে নতুন একটি অধ্যায় শুরু হতে চলেছে কি না, তা জানা যাবে অদূর ভবিষ্যতেই।
বিসিবির শীর্ষ পদে একজন অভিজ্ঞ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এবং ক্রিকেটের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিত্বের আগমন মানে হতে পারে দেশের ক্রিকেটে নতুন দিগন্তের সূচনা। জাতীয় ক্রীড়া পরিষদের আগ্রহ ও বুলবুলের ইতিবাচক সাড়া সেই সম্ভাবনাকেই জোরালো করে তুলছে।
বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের জন্য এটি হতে পারে দীর্ঘদিনের এক প্রত্যাশার প্রতিফলন। আমিনুল ইসলাম বুলবুল যদি বিসিবির প্রেসিডেন্ট পদে আসেন, তবে তা হতে পারে একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা। এখন শুধু অপেক্ষা, তিনি কি রাজি হন, এবং দেশের ক্রিকেটে নেতৃত্ব দিতে সামনে আসেন কিনা।
তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর