অস্থিরতা বাড়লে অন্তর্বর্তী সরকার সামলাতে পারবে না

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার অবস্থান জনগণের মাঝে গভীর হতাশা তৈরি করেছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে সেটি সামাল দিতে পারবে না এই অন্তর্বর্তী সরকার। তাই, পরিস্থিতি ঘোলাটে না করে দ্রুত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানান তিনি।

শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ অনুষ্ঠানে বলেন, “দেশের অভ্যন্তরীণ কোনো চুক্তি কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই করতে পারে।” তিনি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জোর দাবি জানান।

তিনি বলেন, “একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্রকাশ্যে সমর্থন ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে। আজ এই মঞ্চ থেকে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ করার জন্য আমি স্পষ্ট করে বলতে চাই, জুলাই আন্দোলনের কোনো একক মালিক ছিল না।”

তারেক রহমান অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাস পার করলেও এখনো জুলাই অভ্যুত্থানে হতাহতদের একটি সঠিক তালিকা তৈরি করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “জুলাই-আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরির চেয়ে কোরিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়াকেই অন্তর্বর্তী সরকার বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে।”

তিনি আবারও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিন। জনগণের ভোটে নির্বাচিত, জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।”

তারেক রহমান অভিযোগ করে বলেন, সরকার জাকজমকপূর্ণভাবে বিনিয়োগ সংক্রান্ত আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিদেশি বিনিয়োগ দেশে আসেনি। তিনি এ ব্যর্থতার জন্য সরকারের নীতিগত অস্পষ্টতাকেও দায়ী করেন।

এনডিএম-এর প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে বক্তারা অন্তর্বর্তী সরকারের অবস্থান, জনগণের প্রত্যাশা, এবং আগামী নির্বাচন ঘিরে জনগণের মাঝে উদ্বেগের কথা স্পষ্টভাবে তুলে ধরেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে একটি নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই—এমন বার্তাই দিয়েছেন তারা।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply