মসজিদের দোতলায় মিলল নিখোঁজ শিশুর রক্তাক্ত লাশ!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাবলিপাড়া এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে মায়মুনা আক্তার ময়না (৯) নামের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়া মসজিদে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত মায়মুনা আক্তার ময়না শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। সে গত শনিবার থেকে নিখোঁজ ছিল বলে জানা গেছে।

এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদুল আলম চৌধুরী জানান, “সকালে স্থানীয়রা মসজিদের দ্বিতীয় তলায় একটি শিশুর লাশ পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনার রহস্য উদঘাটনে পিবিআইসহ থানা পুলিশ যৌথভাবে তদন্ত করছে।”

এদিকে ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা আছে কিনা, তা খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদের জন্য ওই মসজিদের মোয়াজ্জেমকে থানায় নিয়ে আসা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

শিশুটিকে হত্যার কারণ ও প্রকৃত দোষীদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Leave a Reply