চট্টগ্রামের মিরসরাইয়ে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছেন আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা। সোমবার (৭ জুলাই) সকালে নিজের বাবার মৃত্যুর শোক সয়ে নিয়েই অংশ নেন আলিম পরীক্ষার ইংরেজি প্রথম পত্রে।
নুসরাতের বাবা মো. নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সকাল সাড়ে ৬টার দিকে মারা যান। তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে আনা হয়।
নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন জানান, “আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ছিল ইংরেজি প্রথম পত্র। সকালেই আমার চাচা স্ট্রোক করেন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। আমরা লাশ বাড়িতে নিয়ে আসি।”
এই শোকাবহ পরিস্থিতির মাঝেও শিক্ষার প্রতি দায়িত্ববোধ থেকে পরীক্ষাকেন্দ্রে ছুটে যান নুসরাত জারিন ফিমা। চোখে অশ্রু, মনে যন্ত্রণা নিয়ে তিনি উপস্থিত হন মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রে। তিনি আবুতোরাব ফাজিল মাদরাসা থেকে এ বছরের আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে নুরের জামানের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
ইমাম উদ্দিন আরও বলেন, “মাত্র ১০ দিন আগে আমার বাবা নুরুল মোস্তফা, যিনি নুরের জামানের বড় ভাই, তিনিও মারা যান। একে একে আমার বাবা ও চাচাকে হারালাম। এটা আমাদের পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।”
মরহুম মো. নুরের জামান হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক কেরানি ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আর তাঁর মেয়ে ফিমার এমন মানসিক দৃঢ়তা ও পরীক্ষার প্রতি দায়বদ্ধতা স্থানীয়দের হৃদয় স্পর্শ করেছে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর