রাতের আঁধারে ময়মনসিংহে কবরস্থান থেকে কঙ্কাল চুরি

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের লবনকৌঠা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে পাঁচটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার (১৮ মে) সকালে কবরের মাটি খোঁড়া দেখতে পেয়ে বিষয়টি প্রথম নজরে আসে স্থানীয়দের।

স্থানীয় লোকজন জানান, মধ্যরাতে অজ্ঞাত দুর্বৃত্তরা কবরস্থানটি লক্ষ্য করে কবর খুঁড়ে কঙ্কালগুলো তুলে নিয়ে গেছে। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে রয়েছেন একই গ্রামের মরহুম শাহ আলম, কাশেম আলী, রহমত আলী, ইয়াকুব আলী এবং তোকমান মোল্লার কঙ্কাল।

স্থানীয় বাসিন্দা লোকমান মিয়া বলেন, “চুরি হওয়া কঙ্কালগুলো আমাদের একই গ্রামের মৃত ব্যক্তিদের। আমরা এমন ঘটনা আগে কখনো দেখিনি।”

স্থানীয় আরেক বাসিন্দা মিলন মিয়া বলেন, “এই পারিবারিক কবরস্থানে বহু বছর ধরে অনেক মানুষকে দাফন করা হয়েছে, কিন্তু কখনো এমন চুরির ঘটনা ঘটেনি। হঠাৎ কঙ্কাল চুরির ঘটনায় আমরা সবাই আতঙ্কিত।”

ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, “আমরা ৫টি কবর থেকে কঙ্কাল চুরির কথা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

এর আগে গত ২১ এপ্রিল গভীর রাতে হবিরবাড়ি ইউনিয়নের সোনারবাংলা স্কুলের সামনে সেনাবাহিনী ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে একটি ব্যাগ থেকে তিনটি মাথার খুলি, একটি পিঠের মেরুদণ্ড এবং ৭৮টি হাড় উদ্ধার করে।

পুলিশ জানায়, অভিযানের সময় একজন পালিয়ে গেলেও সাইফুল, ফারুক ও আলমগীর হোসেন নামে তিনজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কবর থেকে কঙ্কাল সংগ্রহ করে রাজধানী ঢাকায় বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। আটককৃতদের বাড়ি ময়মনসিংহ এবং শেরপুরের শ্রীবর্দীতে।

সম্প্রতি কবর থেকে কঙ্কাল চুরির এমন ঘটনায় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের ধারণা, পূর্বের ঘটনার সঙ্গে নতুন এ ঘটনার কোনো যোগসূত্র থাকতে পারে। তবে পুলিশ আনুষ্ঠানিক অভিযোগ না পাওয়ায় এখনো তদন্তের প্রাথমিক পর্যায়েই রয়েছে।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ

Leave a Reply