গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় আজকাল অনেকেই নিয়মিত গ্যাসের ওষুধ খেয়ে থাকেন। বিশেষ করে প্রোটন পাম্প ইনহিবিটর (PPI) জাতীয় ওষুধ যেমন ওমেপ্রাজল, ইসোমেপ্রাজল ও র্যাবেপ্রাজল খুব পরিচিত নাম। এগুলো খেলে তাৎক্ষণিক আরাম মিললেও দীর্ঘমেয়াদি ব্যবহারে শরীরে দেখা দিতে পারে বেশ কিছু গোপন ও বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া।
ভিটামিন ও মিনারেলের ঘাটতি
গ্যাসের ওষুধ পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ কমিয়ে দেয়, যা শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন B12, আয়রন, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের শোষণ বাধাগ্রস্ত করে। এর ফলে শরীরে দুর্বলতা, অবসাদ, অ্যানিমিয়া এবং হাড় ক্ষয়ের মতো সমস্যা দেখা দিতে পারে।
স্মৃতিশক্তি ও মানসিক সমস্যা
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদে PPI গ্রহণ করলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে। এমনকি বিভ্রান্তি, মনঃসংযোগের অভাব এবং ডিমেনশিয়ার মতো মানসিক জটিলতা দেখা দিতে পারে।
পেটের সংক্রমণের ঝুঁকি
পাকস্থলীর অ্যাসিড শুধু খাবার হজমেই সাহায্য করে না, এটি শরীরে প্রবেশ করা জীবাণুও ধ্বংস করে। কিন্তু অ্যাসিড কমে গেলে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলসহ বিভিন্ন ব্যাকটেরিয়া সহজেই সংক্রমণ ঘটাতে পারে, যা ডায়রিয়া, পেটব্যথা এবং জটিল পেটের সমস্যা সৃষ্টি করে।
হাড় ভাঙার সম্ভাবনা বেড়ে যায়
দীর্ঘদিন গ্যাসের ওষুধ খাওয়ার ফলে শরীরের ক্যালসিয়াম শোষণে বাধা আসে, ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিশেষ করে বৃদ্ধদের মধ্যে হিপ এবং মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
হৃদরোগের সম্ভাবনা
কিছু গবেষণায় উঠে এসেছে যে, নিয়মিত PPI সেবনের ফলে হৃদ্যন্ত্রের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে, যার ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কিছুটা বেড়ে যেতে পারে। যদিও এই ঝুঁকি খুব বেশি না হলেও একে অবহেলা করার সুযোগ নেই।
কিডনির ক্ষতির সম্ভাবনা
নতুন গবেষণাগুলোতে দেখা গেছে, দীর্ঘমেয়াদি গ্যাসের ওষুধ গ্রহণের ফলে কিডনির কার্যকারিতা হ্রাস পেতে পারে। এমনকি কিছু ক্ষেত্রে এটি ক্রনিক কিডনি ডিজিজ (CKD)-এ রূপ নিতে পারে।
সচেতনতার প্রয়োজন
ত্বরিত আরামের আশায় অনেকেই নিজের ইচ্ছেমতো গ্যাসের ওষুধ গ্রহণ করেন, যা দীর্ঘমেয়াদে শরীরের মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই বিশেষ কিছু সতর্কতা মেনে চলা জরুরি:
🔹 চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই দীর্ঘমেয়াদে গ্যাসের ওষুধ গ্রহণ করবেন না।
🔹 খাদ্যাভ্যাস পরিবর্তন করুন—মসলাযুক্ত খাবার কমিয়ে দিন, নির্ধারিত সময়ে খাবার খান।
🔹 ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন।
🔹 নিজের ইচ্ছেমতো ওষুধ চালিয়ে না গিয়ে বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।
গ্যাসের ওষুধ তাৎক্ষণিক আরাম দিলেও তা দীর্ঘমেয়াদে শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই সচেতনতা এবং চিকিৎসকের পরামর্শই হতে পারে এই বিপদ থেকে রক্ষার একমাত্র পথ।
তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর