এই মাসের শুরুতে ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১-এর ব্ল্যাকবক্স থেকে তথ্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়। যদিও এসব তথ্য বিশ্লেষণের পর জনসম্মুখে প্রকাশ করতে ভারত সরকারের কয়েক সপ্তাহ সময় লাগতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
১৩ জুন এবং ১৬ জুন, যথাক্রমে ঘটনাস্থলের ছাদ এবং ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় বোয়িং ৭৮৭ মডেলের বিমানে থাকা দুটি ইনহেন্সড এয়ারবোর্ন ফ্লাইট রেকর্ডার (ইএএফআর)। এই রেকর্ডার দুটিই ব্ল্যাকবক্স হিসেবে পরিচিত। এগুলো ককপিটের ভেতরের শব্দ, ফ্লাইটের কারিগরি তথ্য, ইঞ্জিনের অবস্থা, ফ্ল্যাপ এবং গিয়ার লিভারের কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ ডেটা ধারণ করে।
ব্ল্যাকবক্সের তথ্য উদ্ধারে ভারতের এয়ারক্র্যাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে কাজ করেছে। ইতোমধ্যেই ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) ও ফ্লাইট ডাটা রেকর্ডার (এফডিআর) থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ শুরু হয়েছে।
ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্ল্যাকবক্স থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। ককপিটের ভেতরের পারিপার্শ্বিক শব্দ, পাইলটের নির্দেশনা এবং বিমানের কারিগরি অবস্থার ভিত্তিতে জানা যাবে ঠিক কী ঘটেছিল উড্ডয়নের মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের প্রধান জেনিফার হোমেন্ডি জানিয়েছেন, “আমরা আশা করি ভারত সরকার তাদের তদন্ত দ্রুত প্রকাশ করবে, যাতে জনসচেতনতা এবং বিমান নিরাপত্তা নিশ্চিত করা যায়।” তিনি আরও জানান, এনটিএসবি ভারত সরকারের সহযোগিতায় অত্যন্ত সন্তুষ্ট এবং দুই দেশের তদন্ত দল নিরলসভাবে কাজ করছে।
যদিও তদন্তে অগ্রগতি হয়েছে, তবুও বিমান চলাচল বিশেষজ্ঞদের মধ্যে প্রশ্ন উঠেছে কেন তদন্ত শুরু করতে ভারত সরকার প্রায় দুই সপ্তাহ সময় নিল। অনেকে এই বিলম্বকে “অপ্রয়োজনীয়” বলেও আখ্যায়িত করেছেন।
উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ আহমেদাবাদ থেকে উড্ডয়নের পর মাত্র ৪০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে শহরের একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানে থাকা ২৪২ জন যাত্রীর মধ্যে মাত্র একজন বেঁচে যান, যা সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র: বিবিসি
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর