মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে এই ঘোষণা দেন নেতানিয়াহু।
বৈঠক চলাকালীন নেতানিয়াহু বলেন, “আমরা যখন কথা বলছি, তখন তিনি একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করছেন।” এই বক্তব্যের সময় তিনি নোবেল পুরস্কার কমিটির উদ্দেশ্যে একটি চিঠিও পাঠান, যাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার বিষয়টি তুলে ধরা হয়।
এটি প্রথমবার নয়, এর আগেও পাকিস্তান থেকে ডোনাল্ড ট্রাম্পের নাম নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাব করা হয়েছিল।
হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হামাস ২১ মাস ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে প্রস্তুত রয়েছে। তারা যুদ্ধবিরতির জন্য দেখা করতে চায়।
তিনি বলেন, “হামাস এখন যুদ্ধবিরতি চায় এবং দেখা করতে আগ্রহী। আমি মনে করি এটি একটি বড় পদক্ষেপ।”
কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি। তবে আশা করা হচ্ছে, এই আলোচনা চলতি সপ্তাহেও অব্যাহত থাকবে এবং একটি টেকসই শান্তিচুক্তির দিকে এগোবে।
সোমবার হোয়াইট হাউজে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, গাজা শান্তিচুক্তি আটকে আছে কেন? উত্তরে প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি না কোনো বাধা আছে, সবকিছু সত্যিই ঠিকঠাক চলছে।”
তার এই মন্তব্য শান্তিচুক্তির ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দেয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
তথ্যসূত্র: বিবিসি বাংলা
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর