মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। টানা দ্বিতীয়দিনের মতো ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আসা মিসাইল শনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহত করার চেষ্টা চলছে। একই সঙ্গে ইসরায়েলের সকল নাগরিককে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নতুন করে এই মিসাইল হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলের দিকে একাধিক মিসাইল নিক্ষেপ করা হয়েছে। এই মুহূর্তে ইরানি হামলার ব্যাপারে দেশটির সামরিক বাহিনী সতর্ক রয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার বরাতে জানা গেছে, ইসরায়েলের প্রধান শহর তেলআবিব থেকে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে আকাশে একের পর এক মিসাইল বিস্ফোরণ। শহরের আকাশে একসঙ্গে কয়েক ডজন মিসাইল ছুটে আসতে দেখা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার সর্বোচ্চ চেষ্টা করেছে।
এছাড়াও প্রতিবেশী দেশ জর্ডানের রাজধানী আম্মান থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ধারণা করা হচ্ছে, ইরান যেসব মিসাইল নিক্ষেপ করেছে, তার কিছু হয়ত জর্ডানের আকাশসীমায় প্রতিহত হয়েছে বা চেষ্টা চালানো হয়েছে। এই ঘটনাগুলো পুরো অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে তুলেছে।
বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল ও আশপাশের দেশগুলোর মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। প্রতিটি মুহূর্তেই পরিস্থিতি বদলে যাচ্ছে। নিরাপত্তার স্বার্থে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্দেশে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এই হামলা এবং প্রতিক্রিয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করা হয়নি।
তথ্যসূত্রঃ দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর