যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কার কাউন্টিতে টানা ভারী বর্ষণের ফলে গুয়াদালুপে নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। শুক্রবার (স্থানীয় সময়) ভোররাতে শুরু হওয়া এই দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে অবস্থানরত ২৫ জন শিশু।
কার কাউন্টিতে যখন বন্যা শুরু হয়, তখন অধিকাংশ মানুষ গভীর ঘুমে। কর্মকর্তারা জানান, মাত্র দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে গুয়াদালুপে নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে চলে যায়। এর ফলে আগে থেকেই সতর্কতা দেওয়ার কোনো সুযোগ পাওয়া যায়নি।
কারভিলের নগর ব্যবস্থাপক ডাল্টন রাইস বলেন, “বন্যাটা এত দ্রুত শুরু হয়েছিল যে কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব হয়নি। দুই ঘণ্টার কম সময়েই নদীর পানি ভয়াবহভাবে বেড়ে যায়।”
দুর্যোগের সবচেয়ে বড় ধাক্কাটি লাগে ‘ক্যাম্প মিস্টিক’ নামের একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে, যেখানে তখন প্রায় ৭৫০ জন মেয়ে শিশু অবস্থান করছিল। তাদের অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও এখনো ২৫ জন শিশু নিখোঁজ রয়েছে।
টেক্সাসের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান নিম কিড জানিয়েছেন, “আবহাওয়ার পূর্বাভাসে এত ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়নি। আমরা কিছুটা বৃষ্টি এবং বন্যার পূর্বাভাস পেয়েছিলাম, তবে শুক্রবার যা হয়েছে তা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।”
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, প্রাথমিকভাবে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৪-এ। এছাড়াও পাশের এক কাউন্টি থেকে একজনের মরদেহ পাওয়া গেছে, তবে সেটি এই বন্যাজনিত কি না তা এখনো নিশ্চিত নয়।
টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, “আমরা আশা করছি নিখোঁজ সব শিশুকে জীবিত অবস্থায় পাওয়া যাবে। নদীর পানি মাত্র ৪৫ মিনিটেই ২৬ ফুট পর্যন্ত বেড়ে গিয়েছিল।”
বন্যায় কারভিল শহরের বহু বাসাবাড়ি, ক্যাম্প এবং গাড়িভিত্তিক পার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শহরের সব অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়েছে। শহরের নদীপাড়ের প্রধান অনুষ্ঠানস্থলটিও পানির নিচে চলে গেছে।
পরিস্থিতি মোকাবিলায় টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে জরুরি দুর্যোগ ঘোষণা করেছেন। কোস্ট গার্ড, ফেডারেল সংস্থা ফেমা এবং অন্যান্য বাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নিচ্ছেন।
শুক্রবার রাত পর্যন্ত উদ্ধারকর্মীরা ২৩৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন, যাদের মধ্যে ১৬৭ জনকে হেলিকপ্টারে সরিয়ে নেওয়া হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টেক্সাসের আরও কিছু এলাকায় নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রশাসন।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর