ইরানের রাজধানী তেহরানসহ একাধিক শহরে শুক্রবার ভোরে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে দেখা গেছে, বিস্ফোরণের পর এসব স্থাপনাগুলো থেকে কালো ধোঁয়া উঠছে।
ইসরায়েলের দাবি, তারা এই হামলায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান শতাধিক ড্রোন পাঠালেও ইসরায়েল দাবি করেছে, তাদের প্রায় সবকটিই প্রতিহত করা হয়েছে।
এই হামলার পরপরই বিস্ফোরক মন্তব্য করেছেন রাশিয়ার এক প্রভাবশালী সামরিক কর্মকর্তা, মেজর জেনারেল আপতি আলাদিনোভ। ৫১ বছর বয়সী এই চেচেন সেনা কমান্ডার বলেন, “যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, এটি তৃতীয় বিশ্বযুদ্ধ। এটি একটি নতুন মোড় নিয়েছে এবং নতুন গতি পেয়েছে।”
আলাদিনোভ বর্তমানে রাশিয়ার সশস্ত্র বাহিনীর সামরিক-রাজনৈতিক বিভাগের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি চেচনিয়াভিত্তিক ‘আখমাত’ বিশেষ বাহিনীর কমান্ডার হিসেবেও পরিচিত।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহ্বান জানান, যেন নতুন সেনা মোতায়েনের ঘোষণা দেওয়া হয়। আলাদিনোভ বলেন, “অন্তত পাঁচ লাখ মানুষকে আগেভাগে প্রস্তুত করতে হবে। তবে বাস্তবতা হচ্ছে, সেই সংখ্যা হওয়া উচিত ১০ লাখ।”
আলাদিনোভ সরাসরি ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, “যেভাবে তারা অন্যদের সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে, একইভাবে যেন আমাদের সঙ্গে খেলার সাহস না পায়, সেজন্যও আমাদের নতুন সেনা প্রস্তুত রাখতে হবে।”
এই মন্তব্য বিশ্ববাসীর মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে যেসব জল্পনা চলছিল, তা যেন আরও ঘনীভূত হলো রুশ জেনারেলের বক্তব্যে।
বিশ্লেষকরা মনে করছেন, ইরান-ইসরায়েল দ্বন্দ্বের এই মাত্রা এবং রাশিয়ার পক্ষ থেকে এমন মন্তব্য বিশ্ব রাজনীতিতে এক নতুন মোড় আনতে পারে। বিশেষ করে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ইউক্রেন যুদ্ধ কেন্দ্র করে টানাপোড়েন চলছে, তখন মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের সম্ভাবনা বিশ্বকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে।
ইসরায়েল-ইরান উত্তেজনার এই সর্বশেষ ঘটনাপ্রবাহ রীতিমতো বৈশ্বিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। একদিকে ইরানকে লক্ষ্য করে বিস্ফোরক হামলা, অন্যদিকে রাশিয়ার উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তার তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ঘোষণা – সব মিলিয়ে গোটা দুনিয়া এখন যুদ্ধ এবং অনিশ্চয়তার এক দোলাচলে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর