আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে বেশি পরিচিত, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। শনিবার (১৭ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের দুর্গা প্রসাদ এলাকায় একটি সেলুন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
অনুষ্ঠানে হিরো আলম বলেন, “আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছি, যার মধ্যে দুইবার পাসও করেছিলাম। তবে বর্তমানে দেশের যে পরিস্থিতি, এ পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব না। আমি রাজনীতি থেকে সরে এসেছি, আর রাজনীতিতে কামব্যাক করবো না।”
হিরো আলম অভিযোগ করেন, “যে দেশের জনগণের জন্য রাজনীতি করবেন, সে দেশের জনগণের জন্য যদি আপনি দশটা ভালো কাজ করার পর একটা ভুল কাজ করেন; তখনও আপনাকে ছাড় দেওয়া হয় না।”
নিজের রাজনীতিক অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “আমি জনগণের জন্য আন্দোলন সংগ্রাম করলাম, ছাত্র আন্দোলন থেকে শুরু করে যেখানে অন্যায় হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছি। অথচ বিনিময়ে পেলাম মানুষের লাঞ্ছনা, মার এবং ধিক্কার।”
তিনি আক্ষেপ করে বলেন, “এদেশের আইনের কাছে যাবেন, আদালতের কাছে যাবেন, সেখানেও আমরা নিরাপত্তা পাই না। দেশ বর্তমানে এমন পর্যায়ে আছে, যেখানে ক্ষমতা সেখানেই দেশ। ভেবেছিলাম পরিবর্তন পাবো, কিন্তু এ দেশে কোনো পরিবর্তন নেই। একদল গেছে, আরেক দল আসছে। এক কথায় জনগণের আস্থা হারিয়ে গেছে।”
রাজনীতি থেকে নিজেকে সরিয়ে মিডিয়াতে মনোনিবেশ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমি মিডিয়ার মানুষ মিডিয়াতে থাকতে চাই, রাজনীতিতে আর কামব্যাক করবো না। খুব শিগগিরই ১০ জন মডেল নিয়ে আসবো মিডিয়াতে। এরইমধ্যে ৫ জনকে নিয়ে আত্মপ্রকাশ করেছি। এই মুহূর্তে কাজের মধ্যে থাকতে চাই।”
একসময় রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণকারী হিরো আলম তার অভিজ্ঞতা থেকে হতাশ হয়ে রাজনীতিকে বিদায় জানালেন। তার মতে, দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশে সাধারণ মানুষের জন্য কাজ করাও এখন একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। মিডিয়া জগতে ফিরে এসে নতুন করে নিজের জায়গা তৈরি করার আশা প্রকাশ করেছেন তিনি।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর