প্রধান উপদেষ্টার পদত্যাগ করা নিয়ে পরিকল্পনা উপদেষ্টা যা জানালেন

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না এবং তিনি পরিষদে থেকে দায়িত্ব পালন করবেন। শনিবার দুপুরে একনেক সভা শেষে উপদেষ্টা পরিষদের এক রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. ওয়াহিদউদ্দিন বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেননি যে তিনি চলে যাচ্ছেন। তিনি বলেছেন আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা পালনে প্রতিবন্ধকতা রয়েছে। তবে আমরা দায়িত্ব ছেড়ে যেতে পারবো না।’

বেলা ১২টা ২০ মিনিটের দিকে এনইসি সম্মেলনকক্ষে শুরু হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক চলে প্রায় দুই ঘণ্টা। বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, ‘প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারাও আমাদের সঙ্গে থাকছেন। বৈঠকে মূলত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা এবং নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কাজ এগিয়ে নিতে যে প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে, সেগুলো নিয়েই আলোচনা হয়েছে। আমরা এমন একটি ক্ষেত্র তৈরি করতে চাই যাতে সুসজ্জিত গণতান্ত্রিক ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়া যায়।’

আরও পড়ুন: ১৯ জন উপদেষ্টার ২ ঘণ্টার দীর্ঘ বৈঠক শেষে যা জানা গেল

নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ড. ওয়াহিদউদ্দিন সরাসরি কোনো জবাব দেননি। তিনি বলেন, ‘এই ক্ষেত্রেও যেসব প্রতিবন্ধকতা রয়েছে, তা চিহ্নিত করার চেষ্টা চলছে।’

তিনি আরও বলেন, ‘এই সরকার অভ্যুত্থানের সপক্ষে, সকল শক্তির সমর্থনে এসেছে। আমরা স্বপ্রণোদিতভাবে এখানে আসিনি এবং এই দায়িত্ব আমাদের পূর্ব অভিজ্ঞতারও নয়। আমাদের প্রতি সকলের পূর্ণ সমর্থন রয়েছে।’

দুপুর ২টার একটু পর বৈঠক থেকে জরুরি প্রয়োজনে বের হয়ে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাংবাদিকদের তিনি জানান, বৈঠকে নির্বাচন, সংস্কার এবং জুলাই মাসের ঘোষণা নিয়ে আলোচনা চলছে এবং বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং দেওয়া হবে। এরপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বের হয়ে যেতে দেখা যায়।

উল্লেখ্য, উপদেষ্টা পরিষদের বৈঠকের আগে সকাল ১১টায় শুরু হওয়া একনেক বৈঠক দুপুর সোয়া ১২টায় শেষ হয়। এই বৈঠকে ৯টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়, যার পরপরই উপদেষ্টা পরিষদের এই অনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: সমকাল

Leave a Reply