যুবলীগ নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। ধর্ষণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ভুক্তভোগী নারীকে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নারী।

স্থানীয় সূত্র ও থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে জানা যায়, যৌন নিপীড়নের শিকার ওই নারী বর্তমানে স্বামীর সঙ্গে বসবাস করছেন। ঈদ উপলক্ষে তিনি দুই মেয়েকে সঙ্গে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। গত শুক্রবার রাতে তিনি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে, পাশের ঘরের বারান্দায় বসে থাকা এক ব্যক্তির নজরে পড়েন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই নারী বলেন, “আমি ঘরের পাশ দিয়ে ফেরার সময় হঠাৎ ওই ব্যক্তি এগিয়ে এসে ‘কেমন আছেন’ বলে হাত ধরে টানাটানি শুরু করে। বাধা দিলে সে শরীরের বিভিন্ন জায়গায় স্পর্শ করতে থাকে। আমি প্রথমে ঘরের মধ্যে ছোট ছোট মেয়ে ও পরিবারের সদস্যদের কথা ভেবে চুপচাপ তাকে হাত ছেড়ে দিতে বলি। কিন্তু সে শোনেনি। বাধ্য হয়ে জোরে চিৎকার করলে সে দ্রুত পালিয়ে যায়।”

ওই নারী আরও জানান, অভিযুক্ত ব্যক্তি হলেন পাশের রামেরকান্দা গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. সেলিম মিয়া (৩৫)। তিনি স্থানীয় যুবলীগের একজন সক্রিয় নেতা বলে জানা গেছে। ঘটনার পর রাতেই সেলিম তার বাড়িতে লোক পাঠিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী নারী জানান, “এই প্রথম নয়, প্রায় ১০ মাস আগেও সেলিম আমার ছোট ভাইয়ের স্ত্রীকে যৌন নিপীড়নের চেষ্টা করেছিল।”

সেলিম মিয়া মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বলেন, “আমি তো সব সময় ওই বাড়িতে যাওয়া-আসা করি। তাছাড়া ওই বাড়ির আশপাশে আমার জমি আছে, দেখভাল করতে যাই। আর ওই দিন অনিচ্ছাকৃতভাবে ওই নারীর শরীরে আমার হাত লাগে। এখন এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করছে।”

নান্দাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, “বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। একজন অফিসারকে ঘটনাস্থলে পাঠানো হবে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: কালের কণ্ঠ

Leave a Reply