জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্চ আদালত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে সারজিস আলমকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। একইসঙ্গে, তাকে দুই ঘণ্টার মধ্যে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশের জনগণের কাছেও ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আইনি নোটিশে বলা হয়, উল্লিখিত নির্দেশনা না মানলে আইনজীবী মো. জসিম উদ্দিন সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করবেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ মে) সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি পোস্টে উচ্চ আদালত সম্পর্কে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। পোস্টে তিনি লেখেন, “টাকা আর রাজনৈতিক দলের সুপারিশে অনেক হত্যাকারী আওয়ামী লীগের জামিন হয়ে যায়। টাকা আর রাজনৈতিক সুপারিশ না থাকলে আওয়ামী আমলে জুলুমের শিকার অনেক মজলুমের জামিন হয় না।”
তিনি আরও উল্লেখ করেন, “শাপলা হত্যাকাণ্ডে হেফাজতের উপরে চাপানো মিথ্যা মামলায় অনেক মজলুম আলেম এখনো আদালতে চক্কর কাটে, কারাগারে বন্দী থাকে।”
এই পোস্টে তিনি উচ্চ আদালতের বিচারকদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান।
সারজিস আলমের এই মন্তব্যের পর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জসিম উদ্দিন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে আইনজীবী মো. জসিম উদ্দিন বলেন, “একজন সংগঠকের দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত। আদালতের বিরুদ্ধে এমন ভাষায় মন্তব্য করা সরাসরি আদালতের মর্যাদাকে ক্ষুণ্ণ করে, যা সংবিধান ও আইনের পরিপন্থী।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সারজিস আলমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার ফেসবুক পোস্টটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ
নিউজ র্যাটর ২৪ ঘণ্টা বাংলার খবর