ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে যা বলে হুমকি দিল!

ইসরায়েল ও ইরানের চলমান সংঘাত আরও জটিল মোড় নিচ্ছে। সর্বশেষ বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইসরায়েলি হামলায় যদি যুক্তরাষ্ট্র যোগ দেয়, তাহলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে।”

সাক্ষাৎকারে সাঈদ খতিবজাদে বলেন, “এটা আমেরিকার যুদ্ধ নয়। যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।”

ইরানি উপপররাষ্ট্রমন্ত্রীর মতে, যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়ালে তা পুরো অঞ্চলে আরও ভয়াবহ আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা বাড়াবে। তিনি বলেন, “এতে আগ্রাসন চলতে থাকবে, নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে।”

সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা মেডিকেল সেন্টার ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এই হামলায় অন্তত ৭১ জন আহত হয়েছেন।

তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের মূল লক্ষ্য ছিল হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে নিষ্ক্রিয় আরাক ভারী পানি চুল্লি এবং নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা।

ইসরায়েলের হামলায় ইরানের কতজন হতাহত হয়েছেন, সে সম্পর্কে এখনও পর্যন্ত তেহরান কোনো হালনাগাদ তথ্য প্রকাশ করেনি।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যুক্তরাষ্ট্র এই সংঘাতে সরাসরি জড়াবে কি না।

সাঈদ খতিবজাদে জোর দিয়ে বলেন, “সংকট নিরসনের ক্ষেত্রে অবশ্যই কূটনীতি তেহরানের প্রথম পছন্দ। তবে বোমাবর্ষণ চলতে থাকলে আমরা কোনো আলোচনা শুরু করতে পারি না।”

জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের অধীনে ইসরায়েলে চালানো হামলাকে “আত্মরক্ষামূলক পদক্ষেপ” হিসেবে অভিহিত করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “১৩ জুন যখন সংঘাত নাটকীয়ভাবে বাড়ে, সে সময়ও তেহরান কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যেই ছিল।”

গত শুক্রবার ইরানে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। তারা ইরানের শীর্ষ জেনারেল ও পরমাণুবিজ্ঞানীদের হত্যা করে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে পাল্টা হামলা চালায়। এখন এক সপ্তাহ ধরে দুই দেশের মধ্যে টানা পাল্টাপাল্টি হামলা চলছে।

তথ্যসূত্র: প্রথম আলো

Leave a Reply